Ridge Bangla

ঝিনাইদহে আঙুর চাষে সফলতা, ভাগ্য বদলাল তিন বন্ধুর

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান গ্রামে আঙুর চাষ করে সফলতা পেয়েছেন তিন বন্ধু। চাকরির পেছনে না ছুটে ২ বিঘা জমিতে পরীক্ষামূলক আঙুর চাষ করে তারা এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

উদ্যোক্তারা হলেন আল আমিন, তানিম আহম্মেদ ও আনাস হোসেন। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আঙুর চাষের বিভিন্ন কৌশল শিখে তারা এ উদ্যোগ নেন বলে জানান আল আমিন। পরে তারা ঝিনাইদহের মহেশপুর, চুয়াডাঙ্গার জীবননগর ও নাটোরসহ বিভিন্ন স্থান থেকে বাইকুনুর, ভ্যালেজ ও মার্সেল ফোর্সসহ বিদেশি জাতের প্রায় ৪০৮টি চারা সংগ্রহ করেন। এরপর সেগুলো ২ বিঘা জমিতে রোপণ করা হয়।

মাত্র ১১ মাসের পরিচর্যায় গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় পাকা আঙুর। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ তাদের বাগান দেখতে আসছেন।

উদ্যোক্তারা জানান, প্রতি কেজি আঙুর ৪০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ফল উৎপাদনের আশা করা হচ্ছে, যেখানে খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

আল আমিন বলেন, প্রথমে অনেকে তাদের উদ্যোগকে অবাস্তব বলে মনে করলেও তারা হাল ছাড়েননি। সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহার করায় এখন সফলতা এসেছে।

This post was viewed: 3

আরো পড়ুন