ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
গত ৮ জুলাই নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি উপজেলার বারইকরণ এলাকার ফারুক তালুকদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেন।
একই অভিযানে বারইকরণ এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. গিয়াস হাওলাদারের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এ ছাড়া ঝালকাঠি সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মাহাদিপুর এলাকার মতিউর রহমানের ছেলে মো. মারুফ হোসেন ওরফে প্রিন্সের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আটক ৩ জনকে সাজা দেওয়া হয়।
গত ১০ জুলাই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আলী হাসান বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’