Skip to main content

Ridge Bangla

ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছেন ইন্দোনেশিয়ার নারীরা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বুধবার পুলিশি নির্যাতন ও অতিরিক্ত সরকারি ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত নারী গোলাপি পোশাকে হাতে ঝাড়ু নিয়ে সংসদ ভবনের উদ্দেশে মিছিল করেছে। জাকার্তা ও অন্যান্য প্রধান শহরে জীবনযাত্রার ব্যয়ের সংকট ও এমপিদের বিলাসবহুল সুযোগ-সুবিধা নিয়ে ক্ষোভ থেকে জন্ম নেওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। তরুণ মোটরসাইকেল ট্যাক্সি চালক আফফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে নিহত হওয়ার পর এ বিক্ষোভ সহিংস রূপ নেয়।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল “পুলিশ সংস্কার করো” এবং “তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে।” বিক্ষোভ শুরু হওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বেইজিং সফর বাতিল ঘোষণা করেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। কিন্তু বুধবার চীনে আয়োজিত জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে দলীয় প্রধানদের একটি গ্রুপ ছবিতে প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশেই দেখা যায় প্রেসিডেন্ট প্রবোয়োকে।

চীন সফরের আগে গত সপ্তাহে প্রাবোয়ো বলেন, তিনি সরকারি এমপিদের জন্য সুযোগ-সুবিধা সীমিত করবেন। বিক্ষোভকারীরাও এই আহ্বান জানিয়ে আসছিল। প্রেসিডেন্ট প্রবোয়ো বলেন, সহিংসতা হলে সামরিক বাহিনী ও পুলিশ কঠোরভাবে দমন করবে। এমনকি বিক্ষোভে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের চিহ্ন আছে বলেও তিনি অভিযোগ করেছিলেন।

ইন্দোনেশিয়ার মানবাধিকার বিষয়ক জাতীয় কমিশন জানিয়েছে, এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তদন্ত করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও ইন্দোনেশীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে— মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে খতিয়ে দেখতে।

This post was viewed: 65

আরো পড়ুন