Ridge Bangla

জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনদুর্ভোগ বাড়াবে: জামায়াত আমির

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলেও দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এই পরিস্থিতিকে “মড়ার ওপর খাঁড়ার ঘা” হিসেবে আখ্যায়িত করেছেন।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন ধীরে ধীরে কমছে, তখন দেশে “দর সমন্বয়ের” নামে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম সংকটে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পরিবহন খরচ বাড়িয়ে বাজারে সব ধরনের পণ্যের দাম আরও বাড়িয়ে দেবে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে বহুগুণ বাড়াবে।

বিরোধীদলীয় এই নেতা সরকারের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে জ্বালানি খাতের মূল্য নির্ধারণ করা উচিত।

This post was viewed: 3

আরো পড়ুন