ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে পিয়ংইয়ং মস্কোর জন্য অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহের পরিকল্পনাও করছে বলে তার দাবি। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ৩০ হাজার সেনা নেওয়ার পরিকল্পনা করছে। তার দাবি, এসব সেনাকে গ্রহণের জন্য রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে গত জুন থেকেই প্রস্তুতি চলছে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর থেকেই পিয়ংইয়ং মস্কোকে সেনা সহায়তা দেওয়া শুরু করে।
তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীর কুর্স্ক অভিযান মোকাবিলার জন্য উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছিল। এবার সেই বাহিনীর সঙ্গে আরও ৩০ হাজার সেনা যুক্ত করার পরিকল্পনা করছে রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও দাবি করেন, সেনা পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়াকে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে।
তার মতে, রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা শুধু ইউক্রেনের জন্য নয়, এশিয়ার অন্যান্য দেশের নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করছে। একই সঙ্গে তারা নিজেদের অস্ত্র ও সামরিক সক্ষমতা আরও উন্নত করার সুযোগ পাচ্ছে। এর ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় থাকা এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, এই সম্মিলিত হুমকি মোকাবিলায় ইউক্রেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।