পিরোজপুরে সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এতিম তরুণী সুহানি আক্তারের বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
রোববার রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন। এ সময় তিনি নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
সরকারি শিশু পরিবার সূত্রে জানা গেছে, পিতৃমাতৃহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই তার বেড়ে ওঠা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে ১ লাখ ১ টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল করিম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানমসহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিয়েকে কেন্দ্র করে সরকারি শিশু পরিবারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে বসবাসরত এতিম ও দুস্থ শিশুরা তাদের সহপাঠীর নতুন জীবনের সূচনা উপলক্ষে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেয়। পুরো শিশু পরিবার ক্যাম্পাস হাসি, শুভেচ্ছা ও আবেগে মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো সমাজের মানবিক দায়িত্ব। ব্যতিক্রমী এ উদ্যোগের জন্য তারা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জানান।