গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে সতর্ক করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিইনি। কিন্তু যেকোনো সময় সেই ধরনের কর্মসূচি দেয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে এই ধরনের কর্মসূচি দেয়ার পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ সেই পরিস্থিতি দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন।’
তিনি দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করেনি। তার ভাষ্য, সরকার একদিকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে বাস্তবে তা কার্যকর করছে না।
এ সময় গণঅভ্যুত্থানের সময় ব্যবহৃত একটি স্লোগানের উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘নাটক কম করো প্রিয়।’ এরপর তিনি বলেন, ‘তারেক রহমানকে বলে দিচ্ছি- তারেক রহমান, নাটক কম করেন প্রিয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা।