Ridge Bangla

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পর্যটন মোটেলে অনুষ্ঠিত দলীয় বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর দেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ফ্যাসিবাদী চক্রের ষড়যন্ত্রে নানা সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি জুলাই সনদ জারিতে বিলম্ব করে, তবে তাদেরও জনগণের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক ঐক্য ছাড়া কোনো সরকার টিকবে না। জনগণের সংস্কার ও বিচারের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে নির্বাচনে গেলে তা টেকসই হবে না।

জোট রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুরোনো দলগুলোর প্রতি জনগণের আস্থা কমে গেছে। বিএনপি, জামায়াতসহ অনেক দলের অতীত বিতর্কিত। তাই আমরা কেবল সেই দলগুলোর সঙ্গেই একাত্ম হব, যারা জুলাই সনদ, বিচার ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে।

নাহিদ ইসলাম জানান, জুলাই সনদ বাস্তবায়নে কিছু অগ্রগতি হয়েছে। তবে ঐকমত্য কমিশনের দুটি প্রস্তাবের মধ্যে দ্বিতীয়টি গ্রহণযোগ্য নয়। প্রথম প্রস্তাবের কিছু সংশোধন সাপেক্ষে এনসিপি সমর্থন জানাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের বড় কিছু প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তবে জনগণের চাপের মুখে পরে তারা কিছুটা নরম হয়।

সভায় তিনি জুলাই সনদ বাস্তবায়ন, বিচার রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

This post was viewed: 52

আরো পড়ুন