জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। তিনি বলেন, এই বিষয়ে যা ঐক্যমত হয়েছে, তা বাস্তবায়ন করবে জনগণ। “যদি জনগণ নির্দেশ দেয়, সেটি কার্যকর করা হবে। আমরা খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচনের দিকে এগোব,” যোগ করেন তিনি।
শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুল রাহমান সম্মেলন কক্ষে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, আগামী নির্বাচনে যারা গণ-অভ্যুত্থানের অংশীদার, তাদের সকলেরই সংসদে থাকা উচিত। সেই সংসদে সংস্কার পরিষদ গঠিত হবে এবং নতুন সংবিধানের জন্য কার্যক্রম শুরু হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষকসহ দেশের বিভিন্ন পেশাজীবীদের সেখানে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আগামীর সংসদ ও সংস্কার পরিষদের সভায় তরুণ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু ও অন্যান্য পেশাজীবীরা মিলে জুলাই সনদের পথে অগ্রসর হবেন। তবে এর আগে অবশ্যই গণভোটের দাবি পূরণ করা প্রয়োজন। নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাই সনদে এই অর্ডার ড. মুহাম্মদ ইউনূসকে প্রদান করতে হবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইউটিএফ-এর আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী ঘোষণা পাঠ করেন।