প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, শব্দ ও অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানান, ড. ইউনূস সনদে স্বাক্ষরের আহ্বান জানালে সবার আগে বিএনপিই এতে সই করে এবং ভবিষ্যতেও সেই প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বর্তমান বিরোধীদলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে এবং তারা জুলাই সনদ নিয়ে এখন অযথা প্রশ্ন তুলছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সনদ নিয়ে এত উদ্বেগ থাকলে তারা আগে কেন স্বাক্ষর করেনি।
তারেক রহমান আরও বলেন, একটি মহল দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। তবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশই সবার শেষ ঠিকানা, তাই দেশের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী জানান, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে বাধা এলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।