কোটাবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যুর ঘটনা স্মরণে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে।
এই উপলক্ষে আগামী বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এদিন শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, আবু সাঈদের মৃত্যুর পরদিন থেকেই দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন ছড়িয়ে পড়ে। এই দিনটিকে শহীদের স্মরণে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।