Skip to main content

Ridge Bangla

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিতে সংসদে বিল পাস

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল’ পাস করেছে বর্তমান সংসদ। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিলটি চূড়ান্তভাবে পাস হয়।

পাস হওয়া নতুন এই আইনের অধীনে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা বাতিলের আইনি সুযোগ তৈরি হলো। আইন অনুযায়ী, অভ্যুত্থান-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে কাউকেই অভিযুক্ত করা যাবে না এবং নতুন কোনো মামলা দায়েরও আইনত নিষিদ্ধ থাকবে। মূলত আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের আইনি হয়রানি থেকে স্থায়ী মুক্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।

একই অধিবেশনে ‘সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী) বিল-২০২৬’ পাস করা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়াটি পূর্ণতা পেল।

নতুন সংশোধিত আইনের গুরুত্বপূর্ণ দিক হলো, ব্যক্তি বা নির্দিষ্ট সত্তার পাশাপাশি এখন থেকে যেকোনো রাজনৈতিক সংগঠনকেও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার দায়ে নিষিদ্ধ করার এখতিয়ার পাবে সরকার। এর ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পথ আইনিভাবে রুদ্ধ হয়ে গেল।

This post was viewed: 31

আরো পড়ুন