আগামী ১ জুলাই থেকে দেশের ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সময় কৃষকদের জন্য ব্যাপক পরিসরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও শুরু করা হবে বলে তিনি জানান।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সামাজিক সুরক্ষা ও কৃষকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ তারই অংশ।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদন বাড়াতে এ খাতে সরকারি বিনিয়োগ আরও বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে দেশের প্রতিটি ওয়ার্ডে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, কৃষি ও কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে সরকার কাজ করছে। কৃষকদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।