সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে আগামী জুলাই মাস থেকে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, আগামী অর্থবছরের বাজেট প্রস্তুতি ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে আগামী বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে। এটি জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
এদিকে জাতীয় বেতন কমিশনের সুপারিশও সামনে এসেছে। জানা যায়, কমিশন গত ২২ জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাবও রাখা হয়েছে।