Skip to main content

Ridge Bangla

জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রিজভী

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কিছু ঘটনা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় ও কিছু মহল বিশেষভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, যা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় ছিল এবং এ নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। বাংলাদেশের উন্মুক্ত মানসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও বুদ্ধিজীবীরা ইতিবাচক ধারণা পোষণ করেন।

রিজভী আরও বলেন, এখানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং জনগণও সচেতন।

চীনের সঙ্গে বাংলাদেশ ও বিএনপির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই চীনের সঙ্গে সম্পর্কের সূচনা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এই সম্পর্ক ঐতিহাসিক পর্যায়ে পৌঁছায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান তার টিমসহ বর্তমানে চীন সফরে রয়েছেন। এ সফরের মাধ্যমে চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে জনগণ প্রত্যাশা করছে।

This post was viewed: 25

আরো পড়ুন