Ridge Bangla

জুলাই আন্দোলনের একক মাস্টারমাইন্ড নেই, ১৮ কোটি মানুষই এর শক্তি: শফিকুর রহমান

জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য, এই আন্দোলনের প্রকৃত শক্তি বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

রোববার (২৮ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এর আগে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, বিরোধীদলীয় নেতা একসময় তাঁদের বলেছিলেন, জুলাই আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। এরপর তিনি বলেন, ‘আজকে এই বড় ধরনের বাজেট নিয়ে বিরোধী দলীয় নেতৃবৃন্দ চিন্তিত রয়েছেন। আপনাদের এই চিন্তার কোনো কারণ নেই। এই ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট, এই বাজেট সম্পূর্ণ পূরণ হবে।’

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘মিল্লাত সাহেব আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমি বক্তব্য রেখেছি কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এই সময়টা ছিল ২৪ সালের এপ্রিল মাস। আর পরিবর্তনটা হয়েছে ২৪ এর আগস্টের। আগস্টের ৫ তারিখের পরে আমার এই বক্তব্য।’

তিনি আরও বলেন, ‘ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে। আমার মনে হয়, আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি। তাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘এমনকি ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টারমাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।’

This post was viewed: 1

আরো পড়ুন