বাংলাদেশে পুনরায় রেল কোচ রপ্তানি শুরু করতে যাচ্ছে ভারত। আগামী জুলাইয়ে প্রায় ২০টি রেল কোচের একটি রেক সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বুধবার (২৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এটিই হবে বাংলাদেশে ভারতের প্রথম রেল কোচ রপ্তানি।
এর আগে বাংলাদেশে ১২০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রড-গেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার-গেজ লোকোমোটিভ সরবরাহ করেছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে ভারতীয় রেলওয়ের রপ্তানি সংস্থা আরআইটিইএস।
ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ৯১৫ কোটি রুপির প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেওয়া হয়। ওই প্রকল্পের অংশ হিসেবেই বাংলাদেশে নতুন চালান পাঠাবে ভারত।
প্রকল্পের সঙ্গে যুক্ত ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘নতুন চুক্তির আওতায় প্রথম রেকটি জুলাই মাসে প্রস্তুত হবে। কোচগুলো হস্তান্তরের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’
প্রতিবেদনে জানানো হয়েছে, এসব কোচ তৈরি হচ্ছে ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে। চুক্তির আওতায় কোচ সরবরাহের পাশাপাশি নকশা সহায়তা, প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং প্রশিক্ষণ সুবিধাও দেবে আরআইটিইএস।
পুরো প্রকল্পের সরবরাহ ও কমিশনিং কার্যক্রম শেষ করার সময়সীমা ধরা হয়েছে ৩৬ মাস। এরপর আরও ২৪ মাসের ওয়ারেন্টি সুবিধা থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হয়েছে। তবে বর্তমানে কার্যক্রম আবার স্বাভাবিক গতিতে এগোচ্ছে।
আরআইটিইএস’র ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল এক বিশ্লেষক বৈঠকে বলেন, ‘নতুন অর্থবছরে বাংলাদেশে রেল কোচের সরবরাহ শুরু হলে আমাদের রাজস্ব আরও বাড়বে।’