চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময় দেশে এসেছে ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭০ শতাংশ বেশি।
২০২৩ সালের জুলাইয়ের প্রথম ১৬ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৩১ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর একই সময়ের রেমিট্যান্স প্রবাহে লক্ষণীয় বৃদ্ধি পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৪ কোটি মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড। আগের অর্থবছর ২০২৩-২৪ সালে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৬ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়ার বিপরীতে আমদানি ব্যয় কমে আসায় বৈদেশিক মুদ্রার বাজারে চাপ হ্রাস পেয়েছে। এতে ডলারের মূল্যও কিছুটা কমেছে। এই প্রবণতা দেশীয় অর্থনীতির জন্য স্বস্তিদায়ক এবং উন্নয়ন কার্যক্রমে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।