Ridge Bangla

জুলাইকে ক্ষমতার হাতিয়ার বানানো উচিত নয়: মির্জা ফখরুল

বিরোধী দল জুলাইকে ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার চায় না জুলাই কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার মাধ্যম হয়ে উঠুক।

শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তবে তিনি দাবি করেন, গণভোট-সংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। একইভাবে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়েও তারা একমত ছিলেন না। তার ভাষায়, সে সময় তিনি বলেছিলেন জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন তাদের সম্মতি ছাড়াই এসব বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের কথা বলেছে, সংবিধান সংস্কারের কথা নয়। তার দাবি, দেশে প্রয়োজনীয় সংস্কার বিএনপিই এনেছে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনে উত্তরণ এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান প্রবর্তনের বিষয়টি বিএনপির উদ্যোগেই হয়েছে। তার মতে, বর্তমানে সংস্কারের যে আলোচনা হচ্ছে, তা জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই করা হচ্ছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় শিক্ষিত সমাজ ও বুদ্ধিজীবীদের এক কাতারে আনার চেষ্টা করা হয়েছিল, যাতে তারা এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখছে তারা।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন এবং তার পিতার মতো মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। “সবার আগে বাংলাদেশ” স্লোগান নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

জুলাই আন্দোলন কেবল একটি মাসের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনই জুলাইয়ে চূড়ান্ত রূপ পেয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন