নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন দর্শকের আস্থা অর্জন করা অভিনেতা ডা. এজাজ সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন ‘খাঁটি-ঘি’ নামের এক অনলাইন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেওয়ার কারণে। কয়েকজন ভোক্তা অভিযোগ করেছেন, ডা. এজাজকে দেখে ভরসা করে তারা প্রতিষ্ঠানটির ঘি কিনলেও পেয়েছেন নিম্নমানের ও প্রতারণামূলক পণ্য।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিদপ্তর ডা. এজাজকে ডেকে জানায়, তাঁকে ব্যবহার করে প্রতিষ্ঠানটি গ্রাহকদের ঠকাচ্ছে। এজাজ জানান, বিজ্ঞাপন করার সময় তাঁকে বিএসটিআইয়ের ছাড়পত্র দেখানো হয়েছিল, তাই তিনি পণ্যের প্রতি আস্থা রেখেছিলেন।
ডা. এজাজ আরো জানান, ‘খাঁটি-ঘি’ নামের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেওয়ার আগে তাঁকে পণ্যের গায়ে বিএসটিআই–এর লোগো দেখানো হয়েছিল। তিনি ধরে নিয়েছিলেন, পণ্যটি মানসম্মত। পরে ভেজালের অভিযোগ উঠলে তিনি ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন এবং কঠোর তদন্তের দাবি জানান। অভিযোগের পরও বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় তিনি প্রতিষ্ঠানটিকে বন্ধের অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ডা. এজাজ ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে আর কখনো কোনো খাদ্যপণ্যের বিজ্ঞাপনে কাজ করবেন না, যাতে তাঁর প্রতি মানুষের আস্থা কেউ অপব্যবহার করতে না পারে।