চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আন্দুলবাড়ীয়া গ্রামের মুনতাজ আলীর ছেলে নাসিম হোসেন (২৫), যিনি ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। এছাড়া গোয়ালপাড়া গ্রামের মৃত জগেন্দ্রনাথ সরকারের ছেলে রাজু আহমেদ (৬০), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৫২) এবং উপজেলা শহরের হাসপাতাল পাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আউয়াল হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।