Ridge Bangla

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

বরখাস্ত সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সোমবার (২০ জুলাই) দুপুরে জলসিঁড়ির আটতলা ওই বাড়িতে অভিযান শুরু করে সংস্থাটির একটি দল।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল বাড়িটিতে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি আদালত বরখাস্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ক্রোক করা স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেন।

২০২৪ সালের ১৬ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। সে সময় অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। পরে ২০২৫ সালের জানুয়ারিতে জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিয়াউল আহসান নিজের নামে ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া অনুমোদিত সীমা অতিক্রম করে ৫৫ হাজার মার্কিন ডলার জমা রাখারও অভিযোগ রয়েছে। বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগও আনা হয়েছে। এজাহার অনুযায়ী, তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

This post was viewed: 3

আরো পড়ুন