সাভারের আশুলিয়ায় এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালালেও অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচতলায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিম্মির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।