ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়ার অভিযোগকে ঘিরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নাম ব্যবহার করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ধরনের অপতথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে তারা।
সম্প্রতি ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। টিআইবির দাবি, তাদের গবেষণালব্ধ তথ্যের অপব্যাখ্যা করে নির্বাচনজুড়ে জাল ভোটের হার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ের গবেষণার অংশ হিসেবে দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিকভাবে নির্বাচিত ৭০টি সংসদীয় আসনের ওপর পর্যবেক্ষণ চালানো হয়। এর মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জাল ভোট প্রদানের ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে এ তথ্যকে পুরো নির্বাচনে ২১ দশমিক ৪ শতাংশ জাল ভোট পড়েছে- এভাবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক।
এ প্রেক্ষাপটে যেসব গণমাধ্যম ইতোমধ্যে তথ্যটি ভুলভাবে উপস্থাপন বা প্রচার করেছে, তাদের দ্রুত যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে টিআইবি।