Skip to main content

Ridge Bangla

জার্মানির স্টাডে বন্দুক হামলায় নিহত ৫, আটক ২

জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার পর ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের বয়স বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। আহতের সুনির্দিষ্ট সংখ্যাও নিশ্চিত করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা হুমকি নেই।

ঘটনার পর এলাকাজুড়ে বিপুলসংখ্যক জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। উত্তর জার্মানির স্টাডে শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত এবং সেখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৯ জুন) সংঘটিত এ হামলার পর ২ জনকে আটক করা হয়েছে। তাদের একজনকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।

হামবুর্গ বন্দরনগরীর কাছের স্টাডে শহরে কী কারণে এ হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। রয়টার্সকে পুলিশের আরেক মুখপাত্র বলেন, আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন পলাতক নেই।

পুলিশ আরও জানিয়েছে, নিহত ৫ জনই প্রাপ্তবয়স্ক। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

স্থানীয় কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, স্টাডে শহরের কেন্দ্রস্থলে একটি যুবকেন্দ্রের কাছে হামলার ঘটনা ঘটে। তবে পুলিশের এক মুখপাত্র এ তথ্য অস্বীকার করেছেন। একই সঙ্গে ঘটনার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও কোনো তথ্য দিতে রাজি হননি।

ঘটনার পরপরই পুলিশ স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়।

This post was viewed: 27

আরো পড়ুন