Ridge Bangla

জার্মানিতে তীব্র দাবদাহে ৭ দিনে প্রাণ গেল ৪ হাজার ৩০০ জনের

জার্মানিতে গত জুন মাসের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহে মাত্র ৭ দিনের ব্যবধানে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর পুরো জুন মাসে দাবদাহজনিত কারণে প্রাণ হারিয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। বার্লিনভিত্তিক রবার্ট কচ ইনস্টিটিউট এ তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত তাপজনিত মৃত্যুর সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে দাবদাহে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যেই ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছরের গড় মৃত্যুর সংখ্যাকে অতিক্রম করেছে। ওই তিন বছরে জার্মানিতে তাপপ্রবাহের কারণে বছরে গড়ে প্রায় ২ হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছিল।

রবার্ট কচ ইনস্টিটিউট জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ২২ থেকে ২৮ জুনের মধ্যে। এ সময় জার্মানির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে উঠে যায়। মাত্র এক সপ্তাহে তাপজনিত কারণে ৪ হাজার ৩১০ জনের মৃত্যু হয়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবীণরা। ২৮ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, মোট মৃতদের মধ্যে প্রায় ২ হাজার ৯৫০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। এছাড়া ৭৫ থেকে ৮৪ বছর বয়সী প্রায় ১ হাজার ৩২০ জন, ৬৫ থেকে ৭৪ বছর বয়সী প্রায় ৫৫০ জন এবং ৬৫ বছরের কম বয়সী প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে।

জার্মান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন ছিল দেশটির ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম জুন মাস। এর আগে ২০১৯ সালের জুনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল। জুনের শেষ দিকে শুরু হওয়া তীব্র দাবদাহে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। এছাড়া ২৭ জুন জার্মানির ৪৬টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়।

This post was viewed: 1

আরো পড়ুন