Skip to main content

Ridge Bangla

জার্মানিতে আবাসিক বাড়ির ছাদে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান আবাসিক বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানে থাকা আরও একজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) জার্মান গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্যান্ডারকেসি শহরের একটি একতলা বাড়ির ছাদে বিমানটি আছড়ে পড়ে। এরপর অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান শুরু করে। বাড়ির ছাদে বিশেষ মই ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির মরদেহ বিমান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের পরিচয়ও এখনো নিশ্চিত করা যায়নি। জার্মান প্রেস এজেন্সি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অত্যন্ত জটিল ছিল এবং তা সম্পন্ন করতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী, জরুরি চিকিৎসা দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, কী কারণে বিমানটি উচ্চতা হারিয়েছিল, তা এখনো জানা যায়নি। পরে এটি ব্রেমেন শহরের কাছে একটি আবাসিক এলাকার একতলা বাড়ির ছাদে বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাড়ির বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন না। ফলে বাড়ির কেউ হতাহত হননি। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি ওই এলাকায় বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়।

This post was viewed: 2

আরো পড়ুন