গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ১৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল ঢাকায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকার বাইরে দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল করা হবে। সর্বশেষ ২ মে সারাদেশের প্রতিটি জেলা শহরে একই কর্মসূচি পালিত হবে।
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে। মিয়া গোলাম পরওয়ার জানান, এই কর্মসূচির পরবর্তী ধাপে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় বিক্ষোভ সমাবেশের পরিকল্পনাও রয়েছে।