Ridge Bangla

জামায়াত নেতার বাড়িতে মিলল সরকারি চাল

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযুক্ত আবদুস সামাদ স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি কর্মসূচির চাল মজুদ করে পরে বেশি দামে বিক্রির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। তবে অভিযুক্ত আবদুস সামাদ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার ভাই বৈধভাবে কয়েকটি মাদরাসার জন্য বরাদ্দকৃত চাল কিনে বাড়িতে রেখেছিলেন।

চরজব্বার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার আহম্মেদ জানান, বাড়িতে মোট ৯৯ বস্তা চাল পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি বস্তা খোলা থাকায় ৯৫ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়েছে। চালের বৈধ কাগজপত্র জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওছমান বলেন, সরকারি কর্মসূচির চাল ব্যক্তিগত বাড়িতে মজুদ রাখা বা কেনাবেচার সুযোগ নেই। চালগুলো কীভাবে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কাগজপত্র যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 3

আরো পড়ুন