Ridge Bangla

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিস্তিনি রাষ্ট্রদূত শুরুতেই জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করেন। আলোচনায় ডা. শফিকুর রহমান বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আন্তরিক ও চিরস্থায়ী। তিনি ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে অব্যাহত বোমাবর্ষণে হাজারো নারী-শিশু নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে হাসপাতাল, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান। গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইসরাইলের প্রকাশ্য দখল পরিকল্পনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। গাজার জনগণকে বাস্তুচ্যুত করার এই ভয়াবহ নীলনকশা শুধু ফিলিস্তিন নয়, বিশ্ব শান্তি ও মানবতার জন্যও হুমকি। তিনি জাতিসঙ্ঘ ও ওআইসি-সহ আন্তর্জাতিক মহলকে এই আগ্রাসন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইউসুফ সালেহ রামাদান বলেন, গাজাসহ ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন ও সহযোগিতা তাদের কাছে অত্যন্ত অর্থবহ। তিনি জামায়াতসহ বাংলাদেশের জনগণের অব্যাহত সহমর্মিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন ও পররাষ্ট্র উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

This post was viewed: 27

আরো পড়ুন