বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে। দলটির দাবি, এই বাজেটে দেশের প্রশাসনিক ব্যয়, ঋণের সুদ পরিশোধ, শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট উপস্থাপন করা হয়। জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেটের বিস্তারিত তুলে ধরেন।
প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন খাতে সর্বোচ্চ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা (২৪.০৯ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা (১৪.৯৬ শতাংশ) বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা (১৫.১৯ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে। পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা, কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দের রূপরেখা দেওয়া হয়।
স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি, স্থানীয় সরকার খাতে ৪৫ হাজার ২২০ কোটি এবং প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।