Skip to main content

Ridge Bangla

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্তা, অভিযুক্ত ছাত্র সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকাগামী একটি বাসে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলা এবং প্রতিবাদের মুখে তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকার বঙ্গবাজারগামী একটি দোতলা বাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. হাসানুর রহমান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। ভুক্তভোগী শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্রী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাসে থাকা অবস্থায় ওই শিক্ষার্থীর অজান্তে কয়েকটি ছবি তোলেন হাসানুর রহমান। বিষয়টি ধরা পড়লে ভুক্তভোগী তার মোবাইল ফোন জব্দ করেন। এ সময় অভিযুক্ত ছবি তোলার বিষয়টি অস্বীকার করে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হন।

পরে অভিযুক্ত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে সহপাঠীরা তাকে আটক করে ক্যাম্পাসে ফিরিয়ে এনে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। নিরাপত্তা অফিসে তিনি লিখিতভাবে নিজের দোষ স্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

This post was viewed: 26

আরো পড়ুন