Skip to main content

Ridge Bangla

জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই হবে ফারাক্কা চুক্তি: মির্জা ফখরুল

দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে সরকার কোনো চুক্তি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখতে হলে ফারাক্কা চুক্তির ন্যায্য ও টেকসই সমাধান জরুরি। বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চলতি বছর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। তবে কোনোভাবেই বাংলাদেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থকে সামনে রেখেই ফারাক্কা ইস্যুর সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ একটি ঐতিহাসিক পদক্ষেপ। দেশের পানি সংকট নিরসন ও উত্তরাঞ্চলের পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা নষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

This post was viewed: 22

আরো পড়ুন