জাতীয় সনদ-২০২৫ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় নির্ধারণে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সনদ চূড়ান্ত করার পাশাপাশি বাস্তবায়নের রূপরেখা তৈরির বিষয়ে আলোচনা হয়।
কমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া পরামর্শ ও লিখিত সুপারিশ পর্যালোচনা করা হয়। নতুন করে কয়েকটি দল মতামত দিয়েছে, যা আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সুপারিশের ভিত্তিতে শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও অংশ নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় সনদ চূড়ান্ত করতে ইতোমধ্যে ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছে ঐকমত্য কমিশন। এর মধ্যে ২৬টি দল লিখিতভাবে মতামত জমা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সুপারিশকেই কমিশন সনদ চূড়ান্ত করার মূল ভিত্তি হিসেবে দেখছে। কমিশনের মতে, জাতীয় সনদ-২০২৫ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে একটি ঐকমত্যের দলিল হিসেবে কাজ করবে।