Ridge Bangla

জাতীয় সংসদ নির্বাচন: দায়িত্ব পালনে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা দেশে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন এসব ম্যাজিস্ট্রেট। পাশাপাশি তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে ৭ ফেব্রুয়ারি তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন এবং দায়িত্ব পালনের পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন করবেন এবং কোন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হবে তা নির্ধারণ করে দেবেন। এ ছাড়া প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের বিস্তারিত তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন