জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে আয়োজিত এ পরীক্ষায় অংশ নেবেন সাড়ে ৪ লাখের বেশি শিক্ষার্থী।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পুরো পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশের ৮৮০টি কলেজে স্নাতক পর্যায়ে মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসন রয়েছে। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি।
মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এর মধ্যে সরকারি কলেজগুলোতে আবেদনের হার ব্যাপক, ৩ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থী সরকারি কলেজগুলোতে ভর্তির আগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে, বেসরকারি কলেজগুলোতে আবেদন পড়েছে প্রায় ৫৯ হাজার।
মেধাক্রম অনুযায়ী ৩১টি বিভাগে চূড়ান্তভাবে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।