Ridge Bangla

জাতীয় নির্বাচন বানচালের ক্ষমতা কোনো অপশক্তির নেই: আইজিপি

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি জানিয়েছেন, নির্বাচন বানচাল করার মতো সক্ষমতা কোনো অপশক্তির নেই। কারণ জনগণ এখন নির্বাচনমুখী, এটাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।

শনিবার ১৫ নভেম্বর বিকেলে খুলনার কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি। তিনি জানান, নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে এবার প্রথমবারের মতো সব ইউনিটে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অতীতের বিতর্ক ও সমালোচনা এড়াতে প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এই তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে আমরা নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন ঘিরে নাশকতা ও সহিংসতার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস দমনে পুলিশ একা নয়, সমাজের সাধারণ মানুষও পুলিশের শক্তি। গুজব, বিভ্রান্তিকর তথ্য ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কঠোর নজরদারিতে রয়েছে।

পুলিশের অতীত পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, যারা অতীতে বিতর্কিত আচরণ করেছেন এবং সংশোধনযোগ্য নন, তাদের নির্বাচন ডিউটিতে রাখা হবে না। এসপি ও ডিআইজিদের মাধ্যমে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন তিনি। বলেন, মাঠে কাজের সময় গণমাধ্যমকর্মীদের কোনো বাধা দেওয়া হবে না। বরং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে আমরা উৎসাহিত করব।

সভায় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 39

আরো পড়ুন