ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনী কার্যক্রমকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি (চেম্বার অব কমার্স), সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সংগঠনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়, এসব সংগঠনের যেকোনো নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় কিংবা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন।