Skip to main content

Ridge Bangla

জাতীয় দল নিয়ে অনিশ্চয়তায় পারেদেস, দিলেন অবসরের ইঙ্গিত

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই আর্জেন্টিনা দলে অবসরের আলোচনা জোরালো হয়েছে। নিকোলাস ওতামেন্দির বিদায়ের ঘোষণার পর এবার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এ খবর দিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

বোকা জুনিয়র্সের হয়ে ও’হিগিন্সকে ১-০ গোলে হারানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পারেদেস। সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের হতাশা, নিজের চোট এবং জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মন্তব্য করেন।

বিশ্বকাপের শেষদিকে পাঁজরের চোট নিয়েই খেলতে হয়েছে জানিয়ে পারেদেস বলেন, ‘প্রথম কয়েকদিন পরিস্থিতি বেশ জটিল ছিল। তীব্র ব্যথা অনুভব করেছি, বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচের পর। তবে চিকিৎসক ও ট্রমাটোলজিস্টদের সহায়তায় ব্যথা নিয়ন্ত্রণে রেখে যতটা সম্ভব খেলতে পেরেছি। এখন আমি অনেকটাই সুস্থ।’

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্বও নাকচ করে দেন এই আর্জেন্টাইন ফুটবলার। তিনি বলেন, ‘শোনা কথাগুলো যদি বিশ্বাস করি, তাহলে তো পাগল হয়ে যেতে হবে। বিশ্বকাপের আগে, চলাকালীন ও পরে অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই প্রাপ্য চ্যাম্পিয়ন।’

গত আট বছরে দলের সাফল্য নিয়ে গর্ব প্রকাশ করলেও ফাইনালে হারের কষ্ট সহজে কাটবে না বলে মন্তব্য করেন পারেদেস। তার ভাষায়, ‘এটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপ ফাইনাল হারার যন্ত্রণা সহজে যাবে না। আমরা আবারও খুব কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারিনি।’

তিনি আরও বলেন, এই দলের সবচেয়ে বড় সাফল্য ছিল সমর্থকদের ভালোবাসা অর্জন করা। পারেদেসের ভাষায়, ‘মানুষ নিজেদের আমাদের মধ্যে দেখতে পেরেছে। সেটাই সবচেয়ে বড় তৃপ্তি। এত দীর্ঘ সময় ধরে যে মান ধরে রেখেছি, সেটাও সহজ নয়।’

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে পারেদেস জানান, লিওনেল মেসি বা কোচ লিওনেল স্কালোনির মতো তার নিজের ভবিষ্যৎও এখন অনিশ্চিত। তিনি বলেন, ‘অনেকের জন্যই জাতীয় দলে চালিয়ে যাওয়া কঠিন সিদ্ধান্ত হবে। এটি ছিল অসাধারণ একটি অধ্যায়। এই মান ধরে রাখা খুব কঠিন হবে। আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে এবং কোচের সঙ্গে আলোচনা করে শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমি নিজেও জানি না কী করব। আগে সবকিছু হজম করতে হবে, ভালোভাবে ভাবতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে।’

This post was viewed: 3

আরো পড়ুন