Skip to main content

Ridge Bangla

জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় নির্ভুল মানচিত্রের ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এ সময় তিনি জাতীয় উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তায় নির্ভুল ও হালনাগাদ মানচিত্রের গুরুত্ব তুলে ধরেন।

মঙ্গলবার অধিদপ্তর পরিদর্শনের সময় প্রতিরক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রউফ।

পরিদর্শনকালে তিনি জাতীয় মানচিত্র প্রণয়ন ও হালনাগাদ, আন্তর্জাতিক সীমানা জরিপ, ভূস্থানিক তথ্য সংগ্রহ, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং ডিজিটাল এলিভেশন মডেল প্রস্তুতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, নির্ভুল ও হালনাগাদ মানচিত্র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা, সীমান্ত ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভূস্থানিক তথ্যের সমন্বয় এবং নিয়মিত হালনাগাদের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি প্রশিক্ষণে জরিপ ও ভূস্থানিক জ্ঞানের ব্যবহার বাড়ানো, দেশীয় ডিজিটাল ম্যাপিং অ্যাপ্লিকেশন তৈরির সম্ভাবনা যাচাই এবং ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকার তথ্য নিয়মিত সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশনা দেন।

এ ছাড়া আগামী চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেলের কাজ শেষ করে পরবর্তী পর্যায়ে সিলেট ও কুমিল্লায় এ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন প্রতিরক্ষা উপদেষ্টা।

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার বিকল্প নেই। নির্ভুল মানচিত্র ও আধুনিক ভূস্থানিক তথ্য সেই পরিকল্পনার পথ নির্দেশক।’

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 2

আরো পড়ুন