Skip to main content

Ridge Bangla

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে পাকিস্তানের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভোটের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

ইসহাক দার লেখেন, “তার (খলিলুর রহমান) সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে আমি নিশ্চিত যে, তার ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপাক্ষিকতার প্রতি অবিচল অঙ্গীকার এই পরিষদকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করবে।”

আরেক বার্তায় তিনি বলেন, “আমি জাতিসংঘে আমাদের সম্পৃক্ততা অব্যাহত রাখতে, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, অভিন্ন বৈশ্বিক অগ্রাধিকারসমূহকে এগিয়ে নিতে এবং সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ও উদ্যোগে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ৯৯ ভোট পেয়ে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।

এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট।

এ পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ গত তিন মাস ধরে বিভিন্ন দেশের সঙ্গে ব্যাপক কূটনৈতিক যোগাযোগ ও প্রচারণা চালিয়ে আসছিল।

This post was viewed: 17

আরো পড়ুন