Ridge Bangla

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার যৌথ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। ড. ইউনূস বলেন, যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখতে চায়, তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা চাই জাতিসংঘ আরও গতিশীল, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক হোক, যাতে এটি বৈশ্বিক প্রত্যাশা পূরণে সক্ষম হয়।

প্রধান উপদেষ্টা বলেন, এই তাৎপর্যপূর্ণ দিনে বাংলাদেশ জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। তিনি জাতিসংঘ দিবস উপলক্ষে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, অংশীদার ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ড. ইউনূস বলেন, এই দিনটি ভয় ও অভাবমুক্ত বিশ্ব গড়ার প্রতিশ্রুতি পুনঃস্মরণের পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা ও ঐক্যের চেতনা পুনরুজ্জীবিত করার সুযোগ।

তিনি আরও বলেন, গত আট দশকে জাতিসংঘ তার কার্যক্রমের পরিধি বৃদ্ধি করেছে এবং বিশ্বজুড়ে সম্পৃক্ততা গভীর করেছে। জাতিসংঘ আজ শান্তি রক্ষা, মানবাধিকার সুরক্ষা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণে অগ্রণী ভূমিকা রাখছে। ১৯৭৪ সালে জাতিসংঘে যোগদানের পর বাংলাদেশ নিজেকে একটি সক্রিয় ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

This post was viewed: 35

আরো পড়ুন