Skip to main content

Ridge Bangla

জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সব মিসাইল ভূপাতিতের কথা বলছে যুক্তরাষ্ট্র

জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার ভোরে চালানো এ হামলাকে ‘সারপ্রাইজ অ্যাটাক’ হিসেবে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া সবগুলো ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইসলামিক বিপ্লবী গার্ড একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টানা ১৪ দিন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় ইরানও পাল্টা হামলা চালায়। তবে গত তিন থেকে চার দিন যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা না চালালেও এর মধ্যেই জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে সাম্প্রতিক দিনগুলোতে জর্ডানকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ রয়েছে তেহরানের বিরুদ্ধে। ইরানের দাবি, জর্ডানের ভূখণ্ড ব্যবহার করে তাদের ওপর হামলা চালানো হচ্ছে।

এর আগে জর্ডানের একটি ঘাঁটিতে একাধিকবার হামলা চালানোর দাবিও করেছে ইরান। দেশটির দাবি, ওই হামলায় সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন