জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার দিয়ে এক বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই ৩ জনকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি সীমান্ত পাহারায় থাকা স্থানীয়দের নজরে এলে তারা তাদের আটকে দেন। পরে বিজিবিকে খবর দেওয়া হয়।
বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ৩ জনকে নিজেদের হেফাজতে নেন। এরপর তাদের নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন।
ওই ৩ জনের মধ্যে শেখ হাফিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের পরিচয় জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তার বাড়ি নড়াইল জেলায়। তবে সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ তিনজনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা তা প্রতিহত করে। পরে বিজিবিকে বিষয়টি জানানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ৩ ব্যক্তিকে নিয়ে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিরসন ও তাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।