Ridge Bangla

জম্মু ও কাশ্মীরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ জন

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ সদস্য ও ফরেনসিক বিভাগের কর্মকর্তা রয়েছে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা এবং একজন নায়েব তহশিলদারও রয়েছেন।

স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছে, বিস্ফোরণের সময় থানা ভবনে পুলিশ ও ফরেনসিক দল বিস্ফোরক পরীক্ষা করছিল। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেটের একটি বড় ভাণ্ডার থানায় সংরক্ষণ করা হয়েছিল। এই বিস্ফোরক পরীক্ষা করার সময়ই ঘটনাটি ঘটে। বিস্ফোরণে থানার ভেতরের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল ও শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পৌঁছে পুরো এলাকা ঘিরে রেখেছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা তা খতিয়ে দেখছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরণের আগে থানার পুলিশ সশস্ত্র গোষ্ঠী জইস-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর ঘটনায় তদন্ত করছিল। পুলিশের দাবি, পোস্টারের সূত্র ধরে বিস্ফোরক উদ্ধার করা হয়, যা পরীক্ষা করার সময় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন