বাগেরহাটের মোরেলগঞ্জে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মিন্টু শেখ মিঠু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মধুরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে একই এলাকার মোহসিন শেখের সঙ্গে মিন্টুর পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। জমি নিয়ে চলমান বিরোধের একপর্যায়ে মিন্টু শেখ মিঠুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
নিহতের ভাই মিজান শেখ বলেন, ‘সোমবার বিকেল ৪টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিন্টু শেখ। এ সময় মোহসিন শেখের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হিংস্রতার নিদর্শনস্বরূপ তারা মিন্টুর ডান হাত কেটে নিয়ে যায়।’
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মিন্টু শেখ ওরফে মিঠু একজন বিএনপি কর্মী ছিলেন। তার ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মাহামুদুর রহমান জানান, নিহত মিন্টু শেখ মিঠু মধুরকাঠী গ্রামের মো. ওহিদের ছেলে। প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলমান।