চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুরে ফসলের জমিতে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের মরদেহ একদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার ওসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর বিশ্বাসপাড়ার মৃত রস্তম মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাড়ির পাশের কাটাখালী মাঠে নিজের জমিতে সার দিতে যান হাসেম আলী। সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা কাটাখালী মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন।
নিহতের স্ত্রী তাহমিনা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলে সার দিতে মাঠে যাওয়ার পর আর ফিরে আসেননি। সকালে মাঠে গিয়ে দেখি উনার মরদেহ পড়ে আছে।’
পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহের পেট ও উরুতে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। পরিবার ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, শরীরের ওই অংশের মাংস শিয়াল খেয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, এটি দুর্ঘটনা, বন্য প্রাণীর হামলা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।