জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে প্রচলিত আদালতের পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আলোচনা, মধ্যস্থতা, সালিশ ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতে মামলার চাপ কমবে এবং সাধারণ মানুষ দ্রুত প্রতিকার পাবে। তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ দ্রুত সমাধানে সরকার আইনানুগ ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনে মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। এখন জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকার ও প্রত্যাশার বাস্তব প্রতিফলন দেখতে চায়। তাই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার গুরুত্বসহকারে কাজ করছে।
ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ‘ভূমি’ নামে মোবাইলভিত্তিক সেবা চালুর তথ্য তুলে ধরেন তিনি।