ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের পুকুরে ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার পর বাড়ির পাশের পুকুরে শরীরের কাদা ধুতে নামে দুই ভাই। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় ভাই জোবায়েদও পানিতে ঝাঁপ দেয়। পরে সেও পানিতে তলিয়ে যায়।
দুই শিশুকে খুঁজতে গিয়ে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাকিব জানান, পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ছোট ভাইকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যুর এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।