Ridge Bangla

ছিনতাইকারীর হামলায় আহত ট্রাফিক সদস্যকে ডিএমপির লাখ টাকা অনুদান

ছিনতাইকারীকে আটকাতে গিয়ে গুরুতর আহত হন ট্রাফিক পুলিশ সদস্য নাজমুল হুদা। তার চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চিকিৎসাধীন নাজমুল হুদার হাতে অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. জিললুর রহমান, যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক–অ্যাডমিন, প্ল্যানিং ও রিসার্চ) আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গণভবন ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সদস্য নাজমুল হুদা। ওই সময় সাদা পোশাকে থাকা এক পুলিশ কর্মকর্তা রাস্তা পার হতে গেলে হঠাৎ এক ছিনতাইকারী তার ওপর আক্রমণ চালায়। ঘটনাটি দেখে নাজমুল দ্রুত এগিয়ে যান ওই কর্মকর্তাকে রক্ষা করতে।

তবে ছিনতাইকারী এলোপাতাড়ি হামলা চালালে নাজমুল গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, হামলায় নাজমুলের ঠোঁট ছিঁড়ে যায় ও পাঁচটি দাঁত ভেঙে যায়। ঠোঁটে ৩২টি সেলাই দিতে হয় এবং দাঁতের রুট ক্যানেলসহ ক্যাপ বসাতে মোট খরচ হয় প্রায় এক লাখ ৪০ হাজার টাকা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আহত ট্রাফিক সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

This post was viewed: 57

আরো পড়ুন